বধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী

বধূ নির্যাতনের মামলায় গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচীকে গ্রেপ্তার করল পুলিশ। পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ। স্বামী ও শ্বশুর পলাতক।

Share:

ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ বধূ নির্যাতনের গুরুতর অভিযোগে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী ইলা বাগচীকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার গাইঘাটা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃত নেত্রীর পুত্রবধূ অর্পিতা বিশ্বাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগকারিণীর স্বামী রাহুল বাগচী এবং শ্বশুর পিনাকী রঞ্জন বাগচী পলাতক রয়েছেন।

জানা গিয়েছে, ২০২২ সালে রাহুল বাগচীর সঙ্গে অর্পিতার প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে স্বামী রাহুল, শ্বশুর পিনাকী রঞ্জন এবং শাশুড়ি ইলা বাগচী অর্পিতাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, একাধিকবার রান্নার সময় গ্যাসের পাইপ খুলে দিয়ে তাঁকে মারার চেষ্টা করা হয়েছিল। ২০২৩ সালের ৭ মার্চ অভিযুক্তরা জুতো দিয়ে মারধর করে অর্পিতাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে তিনি বাপের বাড়িতেই থাকতেন। গত ২৭ এপ্রিল মায়ের সঙ্গে রাস্তায় বের হলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

চলতি মাসের ১৫ তারিখ রাস্তা দিয়ে যাওয়ার সময় ইলা বাগচী অর্পিতার গলা টিপে খুনের চেষ্টা করেন বলেও অভিযোগ। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন অর্পিতা গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার ইলা বাগচীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।