ব্যুরো নিউজ, ২৩ আগস্ট ২০২৬: বসিরহাটের হাড়োয়া থানার শা’পুকুর এলাকায় একটি বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে অসুস্থ হয়ে পড়লেন শিশু ও মহিলা-সহ অন্তত ২৫ জন গ্রামবাসী। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ এই ঘটনা ঘটে। গ্যাস ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। অসুস্থদের দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় শা’পুকুর এলাকার ওই বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কারখানার পার্শ্ববর্তী এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। গ্যাসের প্রভাবে শিশু ও মহিলা-সহ বেশ কয়েকজন গ্রামবাসীর শ্বাসকষ্ট শুরু হয়। এছাড়াও তাঁদের চোখে জ্বালাপোড়া এবং বমি বমি ভাব-সহ নানা উপসর্গ দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং গ্যাস লিকের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।
তাঁদের অভিযোগ, এই কারখানা থেকে আগেও একাধিকবার গ্যাস লিকের ঘটনা ঘটেছে। বারবার এমন বিপজ্জনক ঘটনার প্রতিবাদে তাঁরা বেড়াচাঁপা-হাড়োয়া রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। স্থানীয়দের মূল দাবি, অবিলম্বে এই বরফ কারখানাটি বন্ধ করে দিতে হবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।








