কড়া ট্রাফিক আইন, রাজ্যে হেলমেট বিক্রি বাড়ল ৭০%

পশ্চিমবঙ্গে কড়া ট্রাফিক আইনের জেরে হেলমেট বিক্রি একলাফে ৭০% বৃদ্ধি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যজুড়ে বাড়ছে সচেতনতা ও হেলমেটের চাহিদা।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গে ট্রাফিক আইন কঠোর হতেই হেলমেট বিক্রিতে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সম্প্রতি রাজ্য সরকার হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি করেছে, যার ফলস্বরূপ হেলমেটের চাহিদা একলাফে প্রায় ৭০ শতাংশ বেড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপি সরকার ট্রাফিক আইন প্রয়োগে বিশেষ সক্রিয়তা দেখাচ্ছে। এর আগে বহু বাইক আরোহী নিয়ম না মেনে দ্রুত গতিতে বাইক চালাতেন এবং অনেক ক্ষেত্রে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো না বলে অভিযোগ ছিল।

কিন্তু বর্তমান সরকার এই পরিস্থিতি বদলাতে বদ্ধপরিকর। হেলমেট ছাড়া রাস্তায় বেরোলে জরিমানা করা হবে, এই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কলকাতা, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, মালদহ, মেদিনীপুর, কৃষ্ণনগর, আসানসোল, শিলিগুড়ি ও জলপাইগুড়ির মতো জেলা ও শহরগুলিতে হেলমেট কেনার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে হেলমেট প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারেও ইতিবাচক প্রভাব পড়েছে। ‘

দ্য ইকোনমিক টাইমস’-এর রিপোর্ট অনুযায়ী, মে মাসে স্টাডস অ্যাক্সেসরিজ সংস্থার বিক্রি ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি শিশুদের হেলমেট বিক্রিও দ্বিগুণ হয়েছে, যা মানুষের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতার ইঙ্গিত দেয়। স্টাডস অ্যাক্সেসরিজের জেনারেল ম্যানেজার আদিত্য ভার্মা জানিয়েছেন, যেসব এলাকায় আগে হেলমেট ব্যবহারের প্রবণতা ছিল না, সেখানেও এখন নিয়ম মানার ছবি দেখা যাচ্ছে। এই কড়াকড়ি কতদিন বজায় থাকে, সেটাই এখন দেখার বিষয়।