পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরগামী যাত্রীদের জন্য সুখবর! হাওড়া থেকে স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ২০ জুন হাওড়া থেকে তারকেশ্বর রুটে চলবে ৭টি স্পেশাল ট্রেন। জানুন বিস্তারিত সময়সূচি ও যাত্রাপথ। যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেলের বিশেষ ঘোষণা।

Share:

ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ঃ আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে তারকেশ্বরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনে তারকেশ্বরগামী যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেলের তরফে হাওড়া থেকে তারকেশ্বর এবং সংলগ্ন রুটে সাতটি বিশেষ ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ জুন, বৃহস্পতিবার, হাওড়া – শেওড়াফুলি – তারকেশ্বর – গোঘাট সেকশনে এই অতিরিক্ত ট্রেনগুলি চলবে।

পূর্ব রেল জানিয়েছে, এই বিশেষ ট্রেনগুলি যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে। হাওড়া থেকে তারকেশ্বরগামী প্রথম স্পেশাল ট্রেনটি (০৩০৬৩) সকাল ৭:৪৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে সকাল ৯:১২ মিনিটে তারকেশ্বরে পৌঁছবে।

এছাড়াও, তারকেশ্বর থেকে শেওড়াফুলি, শেওড়াফুলি থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে আরামবাগ, আরামবাগ থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে গোঘাট এবং গোঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত আরও ছয়টি বিশেষ ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। যাত্রী সুবিধার জন্য ৩৭৩৬১ হাওড়া – আরামবাগ ইএমইউ লোকাল ট্রেনটির যাত্রাপথ গোঘাট পর্যন্ত বাড়ানো হবে। ট্রেনটি দুপুর ১২:২০ মিনিটে গোঘাট থেকে ছাড়বে। একই দিনে ৩৭৩৬২ নম্বর ট্রেনটি হাওড়া পর্যন্ত চলবে।

উল্লেখ্য, ১৯৪৭ সালের এপ্রিল মাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারকেশ্বরে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছিল, যা পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের প্রেক্ষাপট তৈরি করে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণ করে বিজেপি সরকার ২০ জুন দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করছে। এই দিনে তারকেশ্বরে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতেই এই বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।