‘স্যাটা ভাঙা’ মারের হুমকি: হুমায়ুন কবিরের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের

বিধায়ক হুমায়ুন কবিরের 'স্যাটা ভাঙা' মারের হুমকির জেরে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করল বিজেপি যুব মোর্চা ও রাম সীতা সেবা মন্দির। বিতর্কিত মন্তব্যের জেরে ফের শিরোনামে হুমায়ুন।

Share:

ব্যুরো নিউজ, ২৭ জুন ২০২৬ঃ আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত ‘স্যাটা ভাঙা’ মারের মন্তব্যের জেরে এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। শনিবার সন্ধ্যায় বহরমপুর থানায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি যুব মোর্চা। সামাজিক সংগঠন রাম সীতা সেবা মন্দিরের যৌথ উদ্যোগে এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে।

হুমায়ুন কবির সম্প্রতি জনসভায় বলেছিলেন, “এমন মার দেব স্যাটা গরম করে দেব। তখন কে মুখ্যমন্ত্রী, কে পুলিশ সুপার সেই সব হুমায়ুন কবির তোয়াক্কা করবে না।” হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের ইতিহাস দীর্ঘদিনের। ‘হিন্দুদের কেটে ভাগীরথীর জলে মিশিয়ে দেব’ থেকে শুরু করে বর্তমান ‘স্যাটাভাঙা মার’ – তাঁর ভাষার কোনও পরিবর্তন হয়নি। প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকাকালীনও তিনি কুরুচিকর ও সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্য করতেন, যা বহুবার বিতর্কের জন্ম দিয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ঘনঘন এমন হিংসাত্মক মন্তব্যের কারণে তাঁকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি নিজের দল ‘আমজনতা উন্নয়ন পার্টি’ গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নওদা ও রেজিনগর – এই দুটি কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেন এবং তাঁর দলের একমাত্র জনপ্রতিনিধি হন।

পরে অবশ্য তিনি রেজিনগর আসনটি তাঁর ছেলের জন্য ছেড়ে দেন, যা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলে। সেই রেজিনগরেই গত শুক্রবার একটি জনসভা ছিল হুমায়ুন কবিরের। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি ফের উত্তেজক এবং আপত্তিকর মন্তব্য করেন, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই মন্তব্যের প্রেক্ষিতেই বিজেপি যুব মোর্চা এবং রাম সীতা সেবা মন্দির যৌথভাবে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করল। তাদের অভিযোগ, এই ধরনের হুমকি গণতন্ত্রের পরিপন্থী এবং শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যেই করা হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং এর পরবর্তী প্রভাব কী হয়, তা নিয়ে জল্পনা চলছে।