বিনা টিকিটে যাত্রায় লাগাম টানতে রেলের কড়া পদক্ষেপ, মালদহ ডিভিশনে ১৩৪৭ যাত্রীর থেকে আদায় ১১ লক্ষাধিক টাকা!

পূর্ব রেলের মালদহ ডিভিশনে বিনা টিকিটে যাত্রা রুখতে কড়া অভিযান। ১৩৪৭ যাত্রীর থেকে আদায় হল ১১ লক্ষাধিক টাকা জরিমানা। রেলের রাজস্ব সুরক্ষায় বড় পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ পূর্ব রেলের মালদহ ডিভিশনে বিনা টিকিটে যাত্রা রুখতে এক বিশেষ অভিযান চালানো হয়েছে। এই অভিযানে বিপুল সংখ্যক টিকিটবিহীন যাত্রীকে আটক করে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। রেলের রাজস্ব সুরক্ষা এবং যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি মালদহ ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনে এই বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়। টিকিটবিহীন ও অনিয়মিত যাত্রা রুখতেই এই কড়া পদক্ষেপ রেলের। বাণিজ্যিক বিভাগের কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে আরপিএফ-এর সহায়তায় চলে তল্লাশি।

দু’দফার এই অভিযানে মোট ১৩৪৭ জন টিকিটবিহীন যাত্রী ধরা পড়েছেন। এর মধ্যে একটি অভিযানে ৬০৮টি মামলায় ৫ লক্ষ ৫২ হাজার ১৬৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্য একটি অভিযানে ৭৩৯টি মামলায় ৬ লক্ষ ৮ হাজার ৯৫৫ টাকা আদায় হয়েছে। সব মিলিয়ে, মালদহ ডিভিশন প্রায় ১১ লক্ষ টাকার বেশি জরিমানা আদায় করে রেকর্ড গড়েছে। জানা গেছে, ভাগলপুর-কিউল সেকশন সহ মালদহ ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনে এই ধরপাকড় চালানো হয়। এর মধ্যে ছিল ভাগলপুর-মুজাফফরপুর জনসেবা এক্সপ্রেস, বিক্রমশীলা এক্সপ্রেস, মালদা-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস, ভাগলপুর-সুরাট সুপারফাস্ট এক্সপ্রেস, রাজেন্দ্র নগর টার্মিনাল ইন্টারসিটি এক্সপ্রেস এবং আঙ্গা এক্সপ্রেসের মতো বহু ট্রেন। রেলের তরফে যাত্রীদের বৈধ টিকিট কেটে যাত্রা করার আবেদন জানানো হয়েছে, যাতে অযথা জরিমানা এবং ভোগান্তির মুখে পড়তে না হয়।