ব্যুরো নিউজ, ২২ আগস্ট ২০২যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদের প্রতিষ্ঠা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন। শনিবার ভবানীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘যাদবপুরে বন্দে মাতরম্ গাইতে দেওয়া হয় না, জাতীয় পতাকা ওঠে না, শিক্ষা দফতর বা সিসিটিভি ক্যামেরা বসাতেও বাধা দেওয়া হয়।’ তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসের ভেতরে এক শ্রেণির ‘টুকড়ে-টুকড়ে গ্যাং’ ও রাষ্ট্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে। সংবাদমাধ্যমের একাংশ তাদের পক্ষ নিয়ে যতই ‘আহা-উহু’ করুক না কেন, সরকার নিজের অবস্থান থেকে একচুলও সরবে না।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, ‘এই সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এসেছে। রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, বন্দে মাতরম্, তেরঙ্গা, রবীন্দ্রনাথ-নেতাজি-বঙ্কিমচন্দ্র কিংবা কালীঘাট, দক্ষিণেশ্বর ও তারকেশ্বর ধামের আস্থার সঙ্গে কোনও সমঝোতা করা হবে না।’
বিরোধীদের আন্দোলনকে কটাক্ষ করে তিনি বলেন, ধমক-চমক, সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে বা রাস্তায় অল্প লোক নামিয়ে লাভ নেই। সিপিএমের ‘লাল বাবুদের’ উদ্দেশে তিনি বলেন, জামানত বাজেয়াপ্ত হওয়া দল যতই ‘মরা কান্না’ কাঁদুক না কেন, রাজনৈতিক জল বেশি দূর গড়াবে না। নিজের রাজনৈতিক সংগ্রামের অতীত স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, অপপ্রচার বা মিডিয়া ট্রায়াল চালিয়ে তাঁর সরকারকে দমানো যাবে না।








