ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির আদালতে নিরুত্তর, নেই আইনজীবীও; ৫ দিনের পুলিশ হেফাজত

ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খান ডায়মন্ড হারবার আদালতে নিরুত্তর। বিচারকের সব প্রশ্নেই 'আমি জানি না' উত্তর, নেই আইনজীবীও। ৫ দিনের পুলিশ হেফাজত।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ ফলতার একদা দাপুটে নেতা জাহাঙ্গির খান, যিনি নিজেকে ‘পুষ্পা’ বলে দাবি করতেন, মঙ্গলবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে এক অচেনা রূপে হাজির হলেন। কাচুমাচু মুখ করে বিচারকের সামনে দাঁড়িয়ে জাহাঙ্গির খান।  বিচারকের একের পর এক প্রশ্নে তাঁর মুখে কেবলই ‘আমি জানি না’ উত্তর। মাস দেড়েক আগেও যিনি ফলতায় দাপট দেখাতেন, মঙ্গলবার আদালতে সেই জাহাঙ্গিরের হয়ে কোনও আইনজীবীও দাঁড়াননি। তাঁর এই নীরবতা ও আইনজীবীর অনুপস্থিতি এজলাসে উপস্থিত সকলকে বিস্মিত করেছে। আগে যে জাহাঙ্গির নিজেকে ফলতার ‘পুষ্পা’ বলে দাবি করেছিলেন, আর মঙ্গলবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে যে জাহাঙ্গির দাঁড়িয়ে, দু’জনের মধ্যে কোনও মিলই নেই।

প্রসঙ্গত,  জনরোষের আশঙ্কায় কাকভোরেই কড়া নিরাপত্তায় ফলতা থেকে জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে আনা হয়। ভোর হওয়ার আগেই তাঁকে লকআপে রাখা হয়েছিল, পাছে জনরোষে আইনশৃঙ্খলার অবনতি হয়। দুপুর ২টা ৩৪ মিনিটে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে আনা হয় জাহাঙ্গিরকে। পরনে সাদা শার্ট, অফ হোয়াইট প্যান্ট এবং মুখভর্তি দাড়ি। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা জাহাঙ্গিরকে দেখতে তখন এজলাসে আইনজীবীদের ভিড়।

বিচারক তাঁকে আইনজীবীর অনুপস্থিতি এবং কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, জানতে চাইলে তিনি কেবল ‘আমি জানি না’ বলে উত্তর দেন। পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হলে, সে বিষয়েও তাঁর কোনও বক্তব্য নেই বলে জানান। একসময় যার নামে ফলতা কাঁপত, সেই জাহাঙ্গির আজ অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় কাঁপছেন। তাঁর বিধ্বস্ত চেহারা ও নীরবতা দেখে অনেকেই অবাক। আদালত পুলিশের আবেদন মেনে তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনা ফলতার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং জাহাঙ্গিরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।