ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী জনৌষধি প্রকল্প নিয়ে এক বড় ঘোষণা করেছেন। তাঁর ঘোষণা অনুযায়ী, রাজ্যে মোট ৪৬৯টি নতুন জনৌষধি কেন্দ্র চালু হতে চলেছে। এই কেন্দ্রগুলি ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মহকুমা হাসপাতাল পর্যন্ত বিস্তৃত হবে, যার ফলে সাধারণ মানুষ সহজেই স্বল্প মূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহ করতে পারবেন।
মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে যেখানে একটি পরিবারের মাসিক ওষুধের খরচ প্রায় ২০০০ টাকা, এই জনৌষধি কেন্দ্রগুলি চালু হলে সেই খরচ মাত্র ২০০ টাকায় নেমে আসবে। অর্থাৎ, সাধারণ মানুষ পাঁচগুণ বেশি সুবিধা পাবেন। তিনি আরও উল্লেখ করেন যে, কেন্দ্রের জনপ্রিয় অমৃত প্রকল্পের অধীনে দুরারোগ্য ব্যাধির ওষুধ কিনলে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের এই জনৌষধি প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশের প্রতিটি মানুষের কাছে সুলভে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়া।
বর্তমানে সারা দেশে ১৮,০০০-এর বেশি জনৌষধি কেন্দ্র রয়েছে এবং ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা ২৫,০০০-এ নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই প্রকল্পকে আরও ছড়িয়ে দিতে, সরকার জনৌষধি কেন্দ্র স্থাপনের জন্য মহিলা, তপশিলি জাতি ও উপজাতিভুক্তদের ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করছে। মাত্র ১ টাকায় স্যানিটারি ন্যাপকিন সহ নিত্যপ্রয়োজনীয় বহু ওষুধ নামমাত্র মূল্যে এই কেন্দ্রগুলিতে পাওয়া যায়। এই পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








