ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার সাংগঠনিক দায়িত্ব এবং দলের জাতীয় কর্মসমিতিতে গুরুত্বপূর্ণ পদ পেলেও, তিনি তা গ্রহণ করেননি।
সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে জ্যোতিপ্রিয় নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন। তাঁর এই আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের মধ্যে প্রথম সারিতে থাকা জ্যোতিপ্রিয় দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত। দলনেত্রীর লড়াইয়ের দিনগুলিতে তিনি সবসময় পাশে ছিলেন। এমনকি, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর তৃণমূল নেত্রী তাঁর পাশে দাঁড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর অভিযোগ করেছিলেন।
ছাব্বিশের বিধানসভা ভোটে হাবরা কেন্দ্রে পরাজিত হওয়ার পর জ্যোতিপ্রিয়কে সেভাবে দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি নতুন পদ পাওয়ায় তাঁর রাজনৈতিক পুনরুত্থানের ইঙ্গিত মিলছিল। তবে, এই ইস্তফা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। ভোটের পর তৃণমূলের অন্দরে নেতৃত্বের একাংশের মধ্যে ভাঙনের ধারা লক্ষ্য করা যাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক এই তালিকায় নবতম সংযোজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁর এই সিদ্ধান্ত দলের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।








