ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। অবশেষে গ্রেপ্তার হলেন তৃণমূলের দাপুটে নেতা কৈলাশ মিশ্র। শনিবার বিহারের মধুবনী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। কৈলাশ মিশ্র হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। চলতি বছরের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ তল্লাশি অভিযানের পর অবশেষে শনিবার তাঁকে মধুবনীতে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে খবর, কৈলাশ মিশ্রের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, সরকারি কাজে বাধা দেওয়া এবং হুমকি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বালি আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কৈলাশ মিশ্র, তবে তিনি বিজেপির সঞ্জয় কুমার সিংয়ের কাছে পরাজিত হন। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের একটি দল বিহারে গিয়ে এই অভিযান চালায়। রবিবার তাঁকে বিহারের আদালতে পেশ করা হবে এবং এরপর সোমবার ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হবে।
গত এক মাসে একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন, যা দলের অন্দরে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিধানসভা নির্বাচনের পর থেকেই দলের ছন্নছাড়া দশা এবং একের পর এক নেতা-বিধায়কের গ্রেপ্তারির ঘটনা তৃণমূলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।








