খুনের আশঙ্কায় থানায় কাইজার, নিশানায় শওকত মোল্লা: ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তাপ

ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনা! খুনের আশঙ্কায় থানায় কাইজার আহমেদ, নিশানায় শওকত মোল্লা। এলাকায় ফের বাড়ছে রাজনৈতিক অস্থিরতা।

Share:

ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তৃণমূল নেতা কাইজার আহমেদ এবার সরাসরি খুনের আশঙ্কা প্রকাশ করে পুলিশের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, বুধবার দুপুরে ভাঙড়ের বাড়িতে সশস্ত্র অবস্থায় দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল।

কাইজারের দাবি, এই ব্যক্তিরা আসলে সুপারি কিলার এবং তাদের পাঠানো হয়েছিল তাঁকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার উদ্দেশ্যে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে সুরক্ষাব্যবস্থা চেয়েছেন। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে কাইজার আহমেদ খোদ শওকত মোল্লার বিরুদ্ধে প্রচার করেছিলেন এবং পরে আইএসএফ-এর বিজয় মিছিলেও দেখা গিয়েছিল তাঁকে। তিনি নিজেকে আর তৃণমূলে যুক্ত বলে মনে করেন না। এই ঘটনার পর তিনি সিসিটিভি ফুটেজ সহ ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কাইজারের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর ভাঙড়ে তৃণমূলের একাংশ দুষ্কৃতী ও সিন্ডিকেট মাফিয়ারা তাণ্ডব চালাচ্ছে এবং তিনি এর প্রতিবাদ করায় তাঁর উপর এই হামলা। তিনি মনে করছেন, রাজনৈতিক আক্রোশেই এই চক্রান্ত। উল্লেখ্য, এর আগেও তিনি প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এবং সেবারও তিনি শওকত মোল্লার দিকেই আঙুল তুলেছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।