কালনা: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তৃণমূল কাউন্সিলার অনিল বসু, রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি

কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলার অনিল বসু আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার। রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি ধৃতের। বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের তীব্র প্রতিক্রিয়া।

Share:

ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হলেন কালনা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অনিল বসু। বৃহস্পতিবার গভীর রাতে কালনা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অনিলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। শুক্রবার তাঁকে কালনা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।গ্রেফতারের সময় তৃণমূল কাউন্সিলার অনিল বসু দাবি করেন, তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, “চক্রান্ত করে ফাঁসানো হলো। কোমরে অস্ত্র গুঁজে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিল।” তাঁর এই দাবি অবশ্য পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনা প্রসঙ্গে কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ দিন একটি সরকারি স্কুল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যত এইরকম দুষ্কৃতী আছে সবাইকে ধরা উচিত। বাচ্চারা তাদের আশেপাশে এমন লোককে দেখতে চায় যাদের দেখে তারা ইন্সপায়ার্ড হবে। এইরকম দুষ্কৃতীদের দেখতে চায় না। বাচ্চাদের মা-বাবা ও দাদু-দিদারাও দেখতে চান না।” বিধায়ক আরও বলেন, “যারা গুন্ডামি করে চুরি করে, দুর্নীতিতে জর্জরিত, এইরকম লোকেদের এখানে কোনও জায়গা নেই।” ধৃত কাউন্সিলার রাজনৈতিক ষড়যন্ত্রের যে দাবি করেছেন, তার গুরুত্ব দিতে চাননি বিধায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে কালনার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।