ব্যুরো নিউজ, ১২ আগস্ট ২০২৬: উত্তর ২৪ পরগনার কেষ্টপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় তাঁর গাড়ি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সুমিত্রা দাস (৩৪)। জানা গিয়েছে, বুধবার সকালে কেষ্টপুরের প্রফুল্লকানন পশ্চিম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে খবর, সুমিত্রা দাসের স্বামী সম্প্রতি একটি নতুন গাড়ি কিনেছিলেন। আগামী ২২ অগস্ট সুমিত্রার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার প্রস্তুতি হিসেবেই তিনি গাড়ি চালানো শিখছিলেন। এদিন সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে নিজের স্কুটি রেখে গ্যারেজ থেকে গাড়ি বের করেন সুমিত্রা। এরপরেই ঘটে বিপত্তি। গাড়ি নিয়ে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা পাশের একটি পুকুরে গিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি তীব্র গতিতে পুকুরের মাঝখানে চলে যায়। সুমিত্রা দাস গাড়ি থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। গাড়ির কেবিনের মধ্যেই জলে ডুবে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সুমিত্রা দাসের দেহ এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি পুকুর থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় ভুলবশত অ্যাক্সিলেটরে চাপ পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।








