কলকাতার ব্যাঙ্কে এবার নিয়মিত টহল দেবে পুলিশ, জারি লালবাজারের নয়া নির্দেশিকা

কলকাতার ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা বাড়াতে লালবাজারের নয়া নির্দেশিকা। এবার স্থানীয় থানাগুলিই নিয়মিত ব্যাঙ্কে টহল দেবে, যাচাই করবে সুরক্ষা ব্যবস্থা।

Share:

ব্যুরো নিউজ, ২১ আগস্ট ২০২৬: কলকাতার ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন পদক্ষেপ করল লালবাজার। বৃহস্পতিবারই কলকাতা পুলিশের সদর দফতর থেকে একটি নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।

এই নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে শহরের ব্যাঙ্কগুলিতে নিয়মিত টহল দেবে পুলিশ। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যাস্ত করা হয়েছে স্থানীয় থানাগুলির উপর। এতদিন পর্যন্ত ব্যাঙ্কগুলির টহলদারির দায়িত্ব ছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতদমন শাখার হাতে। কিন্তু এখন থেকে সংশ্লিষ্ট থানাগুলিকেই এই কাজ করতে হবে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, টহলদারি চলবে নিরবচ্ছিন্নভাবে। টহলদার পুলিশকর্মীরা নিয়মিত ব্যাঙ্কগুলি পরিদর্শন করবেন এবং নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তা ব্যবস্থা যাচাই করবেন। ব্যাঙ্কে নিযুক্ত নিরাপত্তা কর্মী, সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম ব্যবস্থা এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়মিত খতিয়ে দেখা হবে। ব্যাঙ্ক যখন চালু থাকবে, সেই সময় তো বটেই, এমনকি ব্যাঙ্ক খোলা ও বন্ধের সময়ও টহল নিশ্চিত করতে হবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়া, ব্যাঙ্কের আশপাশের অঞ্চলে কোনও সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন থাকলে তাদের গতিবিধির উপর কড়া নজর রাখতে হবে। কোনও সম্ভাব্য চুরি-ডাকাতি বা অন্য অপরাধের তথ্য মিললে অবিলম্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ব্যাঙ্ক ডাকাতি ও অন্যান্য আর্থিক অপরাধের ঘটনা প্রতিরোধ করা এবং গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। লালবাজারের এই নতুন উদ্যোগ শহরের আর্থিক সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।