ব্যুরো নিউজ, ৫ জুলাই ২০২৬ঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায় দক্ষিণবঙ্গে দুর্যোগের ঘনঘটা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ভোর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার দাপটও থাকতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী সপ্তাহেও বৃষ্টির ধারা বজায় থাকবে।
উত্তরবঙ্গে অবশ্য সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের পর থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হতে পারে। এই নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে আবহাওয়া পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে।








