কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, শুক্রবার বিকেলে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, শুক্রবার বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মিলবে স্বস্তি, তবে সপ্তাহান্তে বাড়বে গরম। জানুন বিস্তারিত আবহাওয়া আপডেট।

Share:

ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ :   আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। গত দু’দিনে বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে খানিক স্বস্তি মিলেছে। শুক্রবারও তেমনই আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিকেলের পর কলকাতা-সহ পার্শ্ববর্তী শহরতলিতেও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সপ্তাহান্তে শনি এবং রবিবারেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ,

এই সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে এবং গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে , এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। সোম থেকে বুধবারের মধ্যে ফের তাপমাত্রার পারদ চড়বে এবং অস্বস্তিকর গরমের পুনরাবৃত্তি হবে।

অন্যদিকে, উত্তরবঙ্গে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, মালদা এবং দুই দিনাজপুরে বেশি বৃষ্টি হতে পারে। তবে এর পর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। শনিবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।