বোরখা মন্তব্য মামলায় সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার শিকার মহুয়া মৈত্র, খারিজ হল আবেদন

বোরখা মন্তব্য মামলায় সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। শীর্ষ আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়, রাজনীতিতে ‘ডিমের ভয়’ নিয়ে প্রশ্ন তোলে।

Share:

ব্যুরো নিউজ, ৭ আগস্ট ২০২৬ঃ বোরখা মন্তব্য মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার শিকার হয়ে শেষমেশ তাঁর আবেদন খারিজ হয়ে গেল। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং শিল নাগুর ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত কড়া।

বিচারপতিরা মহুয়াকে উদ্দেশ্য করে বলেন, “আপনি সংসদের সদস্য? রাজনীতিতে নেমে ডিমে ভয় পাচ্ছেন? আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুক পেতে গুলি খেয়েছেন। এই আবেদনগুলি কোনোভাবেই আদালতের বিচার্য হওয়া উচিত নয়।” আদালতের এমন কড়া মন্তব্যের পর মহুয়া মৈত্রের আইনজীবী গোপাল শংকরনারায়ণন আবেদন প্রত্যাহারের অনুমতি চান। তবে ডিভিশন বেঞ্চ সেই অনুমতি না দিয়ে আবেদনটি সরাসরি খারিজ করে দেয়।

প্রসঙ্গত, গত জুনে এই ঘটনার সূত্রপাত। প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ত্রাণসামগ্রী ও ত্রিপল চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর আদালতে পেশের সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এই ঘটনার প্রতিবাদে মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দেন। সেই ভিডিওতে তিনি ডিম হামলাকারী কয়েকজন হিন্দু মহিলার নাম উল্লেখ করে তাঁদের ‘বোরখা পরা’র কথা বলেন। সাংসদের এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে এবং তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। নদিয়ার হোগলবেড়িয়া থানায় মহুয়ার বিরুদ্ধে করিমপুর মণ্ডল ৪-এর বিজেপি অভিযোগ দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া, যা শেষ পর্যন্ত খারিজ হয়ে গেল।