ছবি বিতর্ক: ট্রাম্পকে মিথ্যাবাদী বললেন মেলোনি, আমেরিকা সফর বাতিল ইতালির বিদেশমন্ত্রীর

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পকে মিথ্যাবাদী বললেন মেলোনি। ইতালির প্রধানমন্ত্রী ট্রাম্পের দাবি উড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। ইতালির বিদেশমন্ত্রী আমেরিকা সফর বাতিল করেছেন।

Share:

ব্যুরো নিউজ, ২০ জুন ২০২৬ঃ ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন চলাকালীন একটি ছবি তোলাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন, মেলোনি তাঁর সঙ্গে একটি ছবি তোলার জন্য ‘জোরাজুরি’ করছিলেন এবং ‘খুবই আগ্রহী’ ছিলেন। ইতালির একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই বিস্ফোরক মন্তব্য করেন।

তিনি আরও বলেন, মেলোনির প্রতি ‘মায়া’ হওয়ায় তিনি সম্ভবত ছবিটি তুলতেন, যদিও আসল অডিও এখনও প্রকাশিত হয়নি। তবে ট্রাম্পের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ ‘মিথ্যা কথা’ বলছেন এবং তাঁর দাবি ‘মনগড়া’। মেলোনি বন্ধু দেশগুলির প্রতি ট্রাম্পের এমন আচরণে হতাশাও প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি জানি না মার্কিন প্রেসিডেন্ট কেন নিজের বন্ধুদের সঙ্গে এমন আচরণ করেন। পশ্চিম এশিয়ার শত্রুদের সঙ্গে তিনি এমন দৃঢ়তা দেখাতে পারেন না। তাঁর মনে রাখা উচিত, আমি বা ইতালি কখনও ভিক্ষা করি না।” এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। এই বিতর্কের রেশ শুধু মেলোনির ক্ষোভেই থেমে থাকেনি।

ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে ইতালির বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি তাঁর পূর্বনির্ধারিত আমেরিকা সফর বাতিল করেছেন। তাজানি জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্য মেলোনি এবং ইতালির জন্য ‘অপমানজনক’। এর আগেও ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে মেলোনি ও ট্রাম্পের মধ্যে মতের অমিল দেখা গেছে। এই ঘটনা দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।