ব্যুরো নিউজ, ২৪ জুন ২০২৬ঃ লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনায় এবার কাউন্সিলর জুঁই বিশ্বাসের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠালেন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। শতদ্রুর অভিযোগ, অনুমতি ছাড়াই মাঠে ঢুকে পড়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভ্রাতৃবধূ জুঁই বিশ্বাস। এই ঘটনায় নিরাপত্তা ভঙ্গ এবং নিয়ম বহির্ভূতভাবে প্রবেশের অভিযোগ এনেছেন তিনি। বর্তমানে কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাস রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের স্ত্রী।
যদিও স্বরূপের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। শতদ্রু দত্ত ইতিমধ্যেই অরূপ এবং জুঁইয়ের বিরুদ্ধে বিধাননগর থানায় এফআইআর দায়ের করেছেন। এবার আলাদাভাবে মানহানির অভিযোগ এনে জুঁইকে পাঠানো নোটিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, আগামী ১৫ দিনের মধ্যে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায়, আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে শতদ্রুর। এই ঘটনা ক্রীড়া মহলে এবং রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।








