ব্যুরো নিউজ ২৯ নভেম্বর ২০২৬ : পাঞ্জাবে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের বিএসএফ কনস্টেবল দেবশুভ্র পালের (২৪)। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছয়। শনিবার রাতে কল্যাণী থেকে বিএসএফের জওয়ানরা তাঁর কফিনবন্দি দেহ জিয়াগঞ্জ থানার ফুলতলার বাড়িতে নিয়ে আসেন।
পরিবার ও স্থানীয় সূত্রের খবর, ২০০২ সালের ২৬ সেপ্টেম্বর জন্ম দেবশুভ্রর। বাবা অলোক পাল মারা যাওয়ার পর মা কাঞ্চন পাল ও দাদাকে নিয়ে তাঁদের সংসার চলত। অল্প বয়সেই বিএসএফে কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন দেবশুভ্র। তাঁর মৃত্যুর খবর শুক্রবার বাড়িতে পৌঁছয় বলে পরিবারের দাবি। তবে মৃত্যুর কারণ বা ঘটনার পরিস্থিতি নিয়ে পরিবারের সদস্যরাও বিস্তারিত কিছু জানাতে পারেননি।
জিয়াগঞ্জের ফুলতলায় দেহ পৌঁছনোর পর থেকেই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিএসএফ কর্তৃপক্ষের তরফেও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। ফলে কীভাবে এই তরুণ জওয়ানের মৃত্যু হল, তা নিয়ে স্পষ্ট তথ্য সামনে আসেনি। প্রয়াত জওয়ানের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।
মৃত্যুর কারণ নিয়ে তিনি জানান, কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। পাঞ্জাব থেকে বিএসএফের একটি বিশেষ দল বাড়িতে এলে প্রকৃত কারণ জানা যাবে। দেবশুভ্রর অকালমৃত্যু মেনে নেওয়া কঠিন বলেও মন্তব্য করেন মন্ত্রী। তাঁর কথায়, বাবার মৃত্যুর পর দেবশুভ্রই ছিলেন পরিবারের অন্যতম ভরসা। আপাতত শেষকৃত্য সম্পন্ন করাই মূল কাজ। পরে পরিবারের পাশে দাঁড়ানো এবং দেবশুভ্রর দাদার চাকরির ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।









