মুর্শিদাবাদে ৫ লক্ষ ভোটারের নাম বাদ: ব্লকে ব্লকে ট্রাইব্যুনালের দাবিতে মুখ্যমন্ত্রীকে অধীরের চিঠি

মুর্শিদাবাদে ৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন অধীর চৌধুরী। ব্লকে ব্লকে আপিল ট্রাইব্যুনাল গঠনের দাবি জানালেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ মুর্শিদাবাদে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। সদ্য সমাপ্ত এসআইআর (SIR) প্রক্রিয়ায় শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বাদ পড়া ভোটারদের আইনি প্রতিকার ও নাম পুনর্বহালের সুবিধার জন্য মুর্শিদাবাদের প্রতিটি ব্লকে ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’ বা আপিল ট্রাইব্যুনাল গঠনের আর্জি জানিয়েছেন অধীর।

গত ২৪ মে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো চিঠিতে অধীররঞ্জন চৌধুরী উল্লেখ করেছেন যে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এই বিশাল সংখ্যক মানুষকে এখন নিজেদের নাগরিক অধিকার প্রমাণ ও নাম তালিকায় ফেরাতে আপিল ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হচ্ছে। তিনি চিঠিতে জেলার আর্থ-সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরেছেন। মুর্শিদাবাদ রাজ্যের অন্যতম অনগ্রসর ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি জেলা। এই ভোটার তালিকা বিভ্রাটের শিকার হয়েছেন মূলত সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষ, দিনমজুর, প্রবীণ নাগরিক, শারীরিক প্রতিবন্ধী এবং প্রান্তিক স্তরের সাধারণ নাগরিকেরা। ট্রাইব্যুনালের শুনানিতে হাজিরা দিতে এই সমস্ত নিঃস্ব ও অসহায় মানুষদের দীর্ঘ পথ অতিক্রম করে যাতায়াত করতে হচ্ছে, যা তাঁদের পক্ষে চরম শারীরিক ও আর্থিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই মানবিক ও প্রশাসনিক সংকটের হাত থেকে সাধারণ মানুষকে রেহাই দিতেই সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন অধীর। তাঁর আন্তরিক অনুরোধ, সরকার যেন অবিলম্বে মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকে এই আপিল ট্রাইব্যুনাল গড়ে তোলার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে। এর ফলে বঞ্চিত ও দিনআনা-দিনখাওয়া মানুষগুলি নিজেদের ঘরের কাছেই আইনি ও প্রশাসনিক সাহায্য পাবেন এবং তাঁদের সুবিচার পাওয়ার পথ সহজ ও মসৃণ হবে।