ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: বারাসাতে ইন্ডিয়া জোটের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নির্ভরযোগ্য, তা প্রমাণ করতে তাঁর দলের ২৯ জন সাংসদের ভোট জোটের পক্ষে আনতে হবে। রবিবার এমনই মন্তব্য করেন ডিওয়াইএফআই নেতা শতরূপ ঘোষ। হেলাবটতলা সংলগ্ন মিলনীর মাঠে ডিওয়াইএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির যুব সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সভার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন শতরূপ।
তাঁর অভিযোগ, অতীতে মোদি সরকারের বিভিন্ন বিলের ক্ষেত্রে কখনও তৃণমূল সমর্থন করেছে, আবার কখনও অধিবেশন বয়কট করে বিল পাশের পথ সহজ করেছে। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই ইন্ডিয়া জোটকে এগোতে হবে বলে মন্তব্য করেন তিনি। শতরূপের বক্তব্য, এই পরীক্ষায় পাশ করার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের দায়িত্ব নিতে এবং কর্মসূচি পালন করতে হবে।
এ দিনের সভায় বক্তব্য রাখেন সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাস এবং ডিওয়াইএফআই নেতা সপ্তর্ষি দেব। সপ্তর্ষি দেব প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে। সভায় দলের একাধিক নেতাও উপস্থিত ছিলেন। বক্তাদের অভিযোগ, স্থানীয় বিধায়ক রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করে বারাসতের বিভিন্ন মাঠে সভা করতে বাধা দিয়েছেন। তাঁদের দাবি, মাঠ কর্তৃপক্ষের অনুমতি থাকা সত্ত্বেও বাধা এসেছে। একাধিকবার মাঠ বদলাতে হয়েছে। শেষে মিলনীর মাঠে সভা হয়।
বক্তাদের আরও অভিযোগ, বিজেপি বামপন্থীদের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছে এবং তাদের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি বন্ধ করার চেষ্টা করছে। সংসদে আসা আসন পুনর্বিন্যাস বিল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিপিএম নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকারও তীব্র সমালোচনা করেন।









