ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীদের জন্য এক বিরাট উদ্যোগ নিয়েছে। নবান্নের তরফে এবার বিনামূল্যে সোমনাথ যাত্রার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন সমস্ত জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের ১১০০ জন পুণ্যার্থী সম্পূর্ণ নিখরচায় গুজরাটের আরব সাগর তীরবর্তী সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনের সুযোগ পাবেন। এই উদ্যোগে রাজ্যের বহু মানুষ, যাদের পক্ষে ব্যক্তিগতভাবে এই দূরপাল্লার তীর্থযাত্রা করা কঠিন ছিল, তারা উপকৃত হবেন।
জানা গিয়েছে, কলকাতা থেকে গুজরাট পর্যন্ত যাতায়াতের সম্পূর্ণ খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। সোমনাথে পুণ্যার্থীদের থাকা, স্থানীয় পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে গুজরাট সরকার এবং কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। ২০২৬ সালে সোমনাথ মন্দিরে গজনির মাহমুদের আক্রমণের ১,০০০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ‘সোমনাথ স্বাভিমান পর্ব—1000 Years of Unbroken and Indomitable Faith’ নামে এক বছরব্যাপী কর্মসূচি শুরু করেছে, যার অংশ হিসেবেই এই উদ্যোগ। আগ্রহী রাজ্যবাসীদের ২০ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে দুটি পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড ও ভোটার কার্ডের তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। জেলা-ভিত্তিক তীর্থযাত্রীর সংখ্যাও নির্ধারণ করা হয়েছে; যেমন, উত্তর ২৪ পরগনা থেকে সর্বাধিক ১২৩ জন এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে ১১৬ জন সুযোগ পাবেন, যেখানে কালিম্পং থেকে ৪ জন। গুজরাট সরকার তীর্থযাত্রার নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য বিশেষ নির্দেশিকা জারি করে সকল পুণ্যার্থীকে নির্ধারিত ভ্রমণসূচি অনুসরণ করার এবং দল থেকে বিচ্ছিন্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে।








