সামাজিক প্রকল্পে ব্যাপক জালিয়াতি, উপভোক্তা যাচাইয়ে কড়া পদক্ষেপ নবান্নের

সামাজিক প্রকল্পে জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নবান্নের। উপভোক্তা যাচাইয়ে নতুন নিয়ম, বাতিল হচ্ছে বহু নাম। কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পে পরিবর্তন।

Share:

ব্যুরো নিউজ, ২৪ জুন ২০২৬ঃ সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে ব্যাপক জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করছে নবান্ন। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে উপভোক্তা নির্বাচনে স্বচ্ছতা আনতে নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। সূত্রের খবর, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের প্রভাবে বহু অযোগ্য ব্যক্তি বিভিন্ন প্রকল্পে নাম তুলে ফেলেছেন। একই পরিবারের একাধিক সদস্যের নামও বিভিন্ন প্রকল্পে ঢুকেছে, যা অনিয়মের জন্ম দিয়েছে।

রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তাঁর বাজেট বক্তব্যে জানিয়েছেন, মানবসম্পদ উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ হলেও, সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে প্রকল্পের সুবিধা পৌঁছানো সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। এর ফলে বর্তমানে যারা উপভোক্তা, নতুন তালিকায় তাদের সকলের নাম না-ও থাকতে পারে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ‘কৃষক বন্ধু’ প্রকল্পে ব্যাপক জালিয়াতি হওয়ায় এটি বাতিল করা হয়েছে। এই প্রকল্পে ৪০ শতাংশ বা তারও বেশি নাম তালিকা থেকে বাদ যেতে পারে। যদিও চাষিদের বাৎসরিক ৩০০০ টাকা সহায়তা দেওয়ার কথা বাজেটে ঘোষণা করা হয়েছে, তবে এর যাচাই পদ্ধতি আরও কঠোর হবে।

বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার মতো কিছু প্রকল্পে সহায়তা প্রদান সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। এই প্রকল্পগুলির উপভোক্তা তালিকাও নতুন করে তৈরি করা হবে এবং আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে যোগ্যতা যাচাই করা হবে। নবান্নের এই কড়া পদক্ষেপের ফলে সামাজিক প্রকল্পগুলিতে স্বচ্ছতা ফিরবে বলে আশা করা হচ্ছে।