ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে যখন জেলায় জেলায় উৎসাহ তুঙ্গে, তখনই নদিয়া থেকে সামনে এল এক অবাক করা ঘটনা। সম্প্রতি ‘লক্ষ্মী ছেলে’দের অ্যাকাউন্টে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা ঢোকার ঘটনার পর এবার খোঁজ মিলল ‘পুরুষ অন্নপূর্ণা’র। ভীমপুর থানার অন্তর্গত চাঁদপুর গ্রামের বাসিন্দা সঞ্জিত বিশ্বাস নামে এক বৃদ্ধ গ্রামীণ চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে মহিলাদের জন্য নির্ধারিত অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা।
জানা গিয়েছে, সঞ্জিতবাবু নিজের বার্ধক্যভাতার টাকা তুলতে স্থানীয় ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে (CSP) গিয়েছিলেন। সেখানেই অ্যাকাউন্টের তথ্য পরীক্ষা করতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর বার্ধক্যভাতার নির্দিষ্ট অঙ্কের পাশাপাশি ‘অন্নপূর্ণা যোজনা’ খাত থেকেও অতিরিক্ত টাকা জমা পড়েছে। এই ঘটনায় হতবাক হয়ে যান খোদ সঞ্জিতবাবু। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই প্রকল্পের জন্য তিনি কোনও দিন আবেদন করেননি এবং পুরুষ হওয়ার কারণে এর সুবিধাভোগী হওয়ারও তাঁর কোনও এক্তিয়ার নেই। সঞ্জিত বিশ্বাস সরকারি এই টাকা ছুঁয়েও দেখেননি।
তিনি বলেন, “আমি কেবল আমার বার্ধক্যভাতার টাকাটুকুই তুলেছি। অন্নপূর্ণা যোজনার টাকা ওভাবেই রেখে দিয়েছি। কীভাবে এটা হল আমি নিজেই বুঝতে পারছি না।” তিনি আরও জানিয়েছেন যে, খুব শীঘ্রই তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধানকে বিষয়টি জানাবেন এবং সরকারি নিয়ম মেনে ভুলবশত আসা এই টাকা ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, সরকারি তথ্যভাণ্ডারের ত্রুটি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণের গোলমালের কারণেই এমন ঘটনা ঘটছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল তৈরি হলেও, প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। এটি নিছকই যান্ত্রিক গোলযোগ নাকি প্রশাসনিক গাফিলতি, তা খতিয়ে দেখার জন্য দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।







