তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে

নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে তোলাবাজি, জমি দখল ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে দত্তপুকুর থেকে গ্রেফতার। আজই ব্যারাকপুর আদালতে পেশ।

Share:

ব্যুরো নিউজ, ৮ আগষ্ট ২০২৬ : পুলিশের নজর এড়িয়ে বেশ কিছুদিন ধরে গা ঢাকা দিয়ে ছিলেন। অবশেষে ধরা পড়লেন নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে। তোলাবাজি, জমি দখল এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগে শনিবার ভোরে দত্তপুকুর থেকে তাঁকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। আজই তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের শাসনকালে সনৎ দে-র বিরুদ্ধে তোলাবাজি ও জমি দখলের একাধিক অভিযোগ উঠছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এই অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু হয়। কিছুদিন আগে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হলেও সনৎকে পাওয়া যায়নি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে দত্তপুকুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই নৈহাটি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, সনৎ দে-র কঠিন শাস্তি হোক। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার কিসান মোর্চার ভাইস প্রেসিডেন্ট দেবার্ক ঘোষ বলেন, “নৈহাটির বাসিন্দা হিসাবে আমাদের দাবি একটাই, ওঁকে কোমরে দড়ি বেঁধে যেন বিধানসভা এলাকায় ঘোরানো হয়।” উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকেই একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসছে এবং অনেকে গ্রেফতারও হয়েছেন। সেই তালিকায় এবার নাম জুড়ল সনৎ দে-র।