ব্যুরো নিউজ, ২৩ সেপ্টেম্বর ২০২৬: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত দেড়িয়াচক গ্রামে এক মর্মান্তিক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। দেড়িয়াচক মক্তব প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রের। মৃত ছাত্রের নাম মোশারফ আলী নায়েক, বয়স আনুমানিক ১০ বছর। সে ওই বিদ্যালয়েরই ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিফিনের বিরতিতে স্কুলের পাশের একটি ড্রেনে খেলতে গিয়ে মোশারফ একটি মাছ দেখতে পায়। মাছটি ধরতে গেলে সেখানে অবৈধভাবে পেতে রাখা একটি হুক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। গ্রামবাসীদের অভিযোগ, গৌরভঞ্জ ও মনিন্দ্র ধাড়া নামে দুই ব্যক্তি অবৈধভাবে বিদ্যুতের হুক লাইন টেনেছিল। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে।
মৃত ছাত্রের দেহ আটকে রেখে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ চালিয়ে যান। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোলাঘাট থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে ওই বিদ্যুতের লাইন সেখানে পৌঁছেছিল এবং এই ঘটনার জন্য কারা দায়ী, তা তদন্তের পরই স্পষ্ট হবে। পুলিশ দুই শিক্ষককে স্কুল থেকে আটক করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য।








