নন্দীগ্রামে দাপুটে তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি গ্রেপ্তার, আদালতে নেওয়ার পথে ‘চোর’ স্লোগান

নন্দীগ্রামে দাপুটে তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি গ্রেপ্তার। একাধিক হিংসার ঘটনায় অভিযুক্ত আলরাজিকে আদালতে নেওয়ার পথে ‘চোর’ স্লোগান শুনতে হল।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফের গ্রেপ্তার হলেন এক দাপুটে তৃণমূল নেতা। শামসুল ইসলামের পর এবার পুলিশের জালে আব্দুল আলিম আলরাজি। একাধিক হিংসার ঘটনায় নাম জড়ানোয় নন্দীগ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাঁকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনেই ‘চোর’ স্লোগান ওঠে। পুলিশ সূত্রে খবর, আব্দুল আলিম আলরাজির বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে বিজেপি কর্মী রথীবালা আড়ির খুনের ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল।

এছাড়াও, ২০২২ সালে স্থানীয় এক সমবায় ব্যাঙ্কের নির্বাচনে নন্দীগ্রামের কাঞ্চননগর হাইস্কুলে বোমাবাজির ঘটনাতেও তিনি অভিযুক্ত। মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই নন্দীগ্রামের আরেক প্রভাবশালী তৃণমূল নেতা শামসুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ পদক্ষেপ নেয়। শামসুল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন এবং তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও অবৈধ গাছ কাটার মতো অভিযোগও ছিল।

বিজেপির দাবি, দলীয় ক্ষমতার জোরে এতদিন এই সমস্ত স্থানীয় নেতারা অন্যায় করে পার পেয়ে যাচ্ছিলেন। কিন্তু এবার আর তা হবে না। সাধারণ মানুষের উপর হওয়া অত্যাচারের বিচার হবে এবং পুলিশ তার যথাযথ ব্যবস্থা নেবে। এই দুই নেতার গ্রেপ্তারিতে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।