ব্যুরো নিউজ, ১৫ জুলাই ২০২৬ঃ কলকাতা-শিলিগুড়ি যাত্রাপথে দীর্ঘদিনের ভোগান্তি এবার কমতে চলেছে। জাতীয় সড়ক ১২ (পুরোনো ৩৪)-এর বারাসাত থেকে বড়জাগুলী পর্যন্ত ১৭.৬ কিলোমিটার অংশে ৪-লেন সারফেস করিডোরের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এই বহু প্রতীক্ষিত প্রকল্পের বাস্তবায়নে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছানোর সময় প্রায় দু’ঘণ্টা কমে যাবে বলে আশা করা হচ্ছে। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে কাজ আটকে থাকার পর অবশেষে ২০২৪ সালের মার্চ মাসে কেন্দ্র সরকার নতুন করে এই প্রকল্পের বরাত দেয়। সেবছর অগাস্ট মাস থেকেই পুরোদমে কাজ শুরু হয়েছে।
এই অত্যাধুনিক করিডোরে থাকবে আটটি নতুন ওভারব্রিজ, এগারোটি আন্ডারপাস এবং দুইদিকে ৮.২ কিলোমিটার সার্ভিস রোড। এর ফলে স্থানীয় সড়ক ও প্রধান হাইওয়ের মধ্যে সংঘর্ষ কমে আসবে, যানচলাচল আরও মসৃণ ও নিরাপদ হবে। এই করিডোরটি কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে শুধু স্থানীয় বাসিন্দারাই নন, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও দূরপাল্লার বাস সহ উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়া সমস্ত যানবাহনেরই সুবিধা হবে। যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও অনেকটাই কমবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই অংশের কাজ শুরু হওয়ায় নিত্যযাত্রী ও স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। প্রকল্পটি শেষ হলে বারাসাত-বড়জাগুলী রুটে যাতায়াত আরও সহজ হবে।








