ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। গত রাত থেকে অবিরাম বৃষ্টিপাতের জেরে ডুয়ার্স, ধূপগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইতিমধ্যেই দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। টানা বর্ষণের ফলে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর ক্রমশ বাড়ছে।
তিস্তা, তোর্সা, জলঢাকা, ডায়না, মূর্তি সহ একাধিক নদী বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে এবং মাইকিংয়ের মাধ্যমে নিরাপদ স্থানে সরে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে। বন্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে, প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের ফি-খোলা নদীর উপর একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে, যার ফলে ফিডাং-সাঙ্কলাং রুটে যান চলাচল ব্যাহত হয়েছে।
পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও প্রবল। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবারের আগে বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।








