ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬: একদিকে যখন জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে, তখন তীব্র অস্বস্তিকর গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির দাপট চলবে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে এখনই তাপপ্রবাহ থেকে দীর্ঘস্থায়ী স্বস্তির সম্ভাবনা নেই। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। তবে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে, যা সাময়িক স্বস্তি দেবে। দক্ষিণ উপকূলীয় ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত বর্তমানে অভ্যন্তরীণ ওড়িশা ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়াও, উত্তর-পশ্চিম উত্তর প্রদেশের ওপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত থেকে অভ্যন্তরীণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই জোড়া আবহাওয়ার প্রভাবেই রাজ্যের দুই প্রান্তে ভিন্ন চিত্র।
রবিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।








