ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ বারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক পুরবোর্ডে ভাঙনের আবহের মধ্যেই এবার বড় ধাক্কা খেল উত্তর দমদম পুরসভা। সোমবার পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান লোপামুদ্রা দত্ত চৌধুরী-সহ মোট ২০ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করেছেন। পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে তাঁরা তাঁদের পদত্যাগপত্র জমা দেন। এই গণপদত্যাগের ফলে উত্তর দমদম পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং প্রশাসক বসানো নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
পুরসভা সূত্রে খবর, মোট ৩৪ জন কাউন্সিলরের মধ্যে ২০ জনের পদত্যাগে কার্যত সংখ্যালঘু হয়ে পড়েছে শাসকদল। দীর্ঘদিন ধরে অস্থায়ী কর্মীদের বেতন বকেয়া, প্রশাসনিক জটিলতা এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে কাউন্সিলরদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এই আবহে চেয়ারম্যান বিধান বিশ্বাসের সম্প্রতি বারাকপুরে গিয়ে মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠে। পদত্যাগের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধান বিশ্বাস পূর্ববর্তী সরকারের তীব্র সমালোচনা করেন।
তিনি ‘ডবল ইঞ্জিন সরকার’-এর প্রশংসা করার পাশাপাশি সনাতনী ধর্ম প্রসঙ্গও উত্থাপন করেন। তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে যে, পদত্যাগী কাউন্সিলরদের একাংশ বিজেপিতে যোগ দিতে পারেন। বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের একের পর এক পুরবোর্ডে এই ধরনের ভাঙন শাসকদলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা রাজ্যের পুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।








