এক টাকায় হেডফোনের অফারে আসানসোলে হুলুস্থুলু, ট্রাফিক জ্যামে নাজেহাল সাধারণ মানুষ

আসানসোলে এক টাকায় হেডফোন কিনতে গিয়ে তৈরি হল চরম বিশৃঙ্খলা। উপচে পড়া ভিড়ে বন্ধ হল দোকান, ট্রাফিক জ্যামে চরম ভোগান্তি সাধারণ মানুষের।

Share:

ব্যুরো নিউজ, ১ নভেম্বর ২০২৬: দীপাবলির আগে রবিবার সকালে আসানসোলের কুলটিতে দেখা গেল এক আজব দৃশ্যের! এক টাকায় হেডফোন দেওয়ার অফার ঘিরে হুলুস্থুলু পড়ে গেল কুলটির রাজপথে।

রবিবার নিয়ামতপুরের খোশলা ইলেকট্রনিক্সে এই অফার চালু হতেই দোকানের সামনে লম্বা লাইন পড়ে যায়। দোকান খোলার পর এক টাকায় হেডফোন কেনা নিয়ে মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড় সামাল দিতে রীতিমত হিমশিম খেয়ে যায় নিয়ামতপুর ট্টাফিক পুলিশ। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত দোকান বন্ধ করে দিতে বাধ্য হন মালিকপক্ষ।

এই ঘটনার জেরে প্রিয়া মোড় সংলগ্ন রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করতে শেষমেশ রাস্তার পাশে বাইক রেখে আসা গ্রাহকদের জরিমানা করতে শুরু করে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, এই ধরনের ভিড় জমানোর জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। অফারের সুযোগ নিতে আসা বহু মানুষ হতাশ হয়ে ফিরে যান।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, এই ধরনের অফার দেওয়ার আগে কর্তৃপক্ষের উচিত ছিল পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা। একটি ছোট অফার ঘিরে এমন বিশৃঙ্খলা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করেছে। সংস্থার পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।