ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ আধার বা ভোটার কার্ডের মতোই রেশন কার্ডও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি। শুধুমাত্র ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী সংগ্রহের জন্যই নয়, বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার ক্ষেত্রেও এর অপরিহার্যতা অনস্বীকার্য। তাই এই নথিতে কোনও ভুল থাকা মানেই নানা রকম সমস্যার সম্মুখীন হওয়া। আবেদন খারিজ হওয়া থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে সুখবর এই যে, এখন রেশন কার্ডের ভুল সংশোধনের জন্য আর সরকারি অফিসে ছোটাছুটি করার প্রয়োজন নেই। বাড়িতে বসেই অনলাইনে খুব সহজে এই কাজ সম্পন্ন করা যায়।
পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট হল food.wb.gov.in। এই পোর্টালে গিয়েই প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব। রেশন কার্ডে নাম সংশোধনের জন্য প্রথমে ওয়েবসাইট থেকে ফর্ম ৫ ডাউনলোড করতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করার পর জমা দিতে হবে। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয় এবং বিদ্যুতের বিল বা জলের বিলের মতো ঠিকানার প্রমাণপত্র স্ক্যান করে জমা দিতে হয়।
জন্ম তারিখ সংশোধনের জন্য ‘সিটিজেন সার্ভিস’ সেকশনে রেশন কার্ড নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর ফর্ম ৪ সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। জন্ম শংসাপত্র, আধার কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেটের মতো বয়সের প্রামাণ্য নথি স্ক্যান করে জমা দিয়ে ফর্ম সাবমিট করলেই কাজটি সম্পন্ন হবে। এই অনলাইন পদ্ধতি নাগরিকদের সময় ও শ্রম বাঁচাবে।








