ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ পশ্চিম বর্ধমান জেলার নাম পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাজ্য সরকারের কাছে জমা পড়েছে। এই প্রস্তাব অনুযায়ী, জেলার নতুন নাম হতে পারে ‘আসানসোল-দুর্গাপুর’। এই খবর প্রকাশ্যে আসতেই জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, গত ২১শে মে দুর্গাপুরে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এই নাম পরিবর্তনের প্রস্তাব দেন এবং দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থন জানান।
তাঁদের দাবি, আসানসোল ও দুর্গাপুরের শিল্প ঐতিহ্য এবং অর্থনৈতিক অবদানকে আরও জোরালোভাবে তুলে ধরতেই এই পদক্ষেপ জরুরি। এই দুই শহর শুধু বাংলার নয়, দেশের শিল্পোন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাকি ইতিমধ্যেই জেলার জেলাশাসককে নির্দেশ দিয়েছেন প্রস্তাবটি খতিয়ে দেখে আগামী ১৫ দিনের মধ্যে একটি সিদ্ধান্ত নিতে। প্রশাসনিক সূত্রে খবর, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবকারীরা মনে করছেন, এই অঞ্চলের ইস্পাত, বিদ্যুৎ, কয়লা এবং ইঞ্জিনিয়ারিং শিল্পের গুরুত্ব অপরিসীম। ‘আসানসোল-দুর্গাপুর’ নাম হলে জেলার স্বতন্ত্র পরিচয় আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আরও বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
দুর্গাপুরের সৃজনী হলে অনুষ্ঠিত ওই বৈঠকে পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলার বিধায়ক ও পুলিশ প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন। সেখানেই এই প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। এখন দেখার, আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসন কী রিপোর্ট জমা দেয় এবং সরকার এই বিষয়ে কী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। জেলার লক্ষ লক্ষ মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং এই অঞ্চলের ভবিষ্যৎ উন্নয়নের পথ অনেকটাই নির্ভর করছে এই সিদ্ধান্তের ওপর।








