ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে বলেছেন যে তাঁর অবিলম্বে রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত। তিনি আরও হুঁশিয়ারি দেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড, এরপর কোনদিন শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড।” শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা এই মন্তব্য করেন। রাহুল সিনহা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করিয়ে দেন।
তিনি অভিযোগ করেন, কংগ্রেস, কমিউনিস্ট এবং তৃণমূল গত ১৫ বছর ধরে শ্যামাপ্রসাদকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। “পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এটা কি চাপা রাখা যাবে?” প্রশ্ন তোলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের পর সারা বিশ্ব জানতে পেরেছে যে ২০শে জুন পশ্চিমবঙ্গের জন্মদিন এবং শ্যামাপ্রসাদই তার স্রষ্টা, দাবি করেন রাহুল সিনহা। বিজেপি সাংসদ শ্যামাপ্রসাদকে স্বাধীন ভারতের প্রথম শহীদ হিসেবে উল্লেখ করেন, যিনি কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানোর জন্য জীবন দিয়েছিলেন। তিনি জানান, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণ জন্মদিন দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালিত হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, “আমি তো আগেই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ থাকবেন না। আর সেই পরিণতি হয়েছে।” তিনি মুখ্যমন্ত্রীকে “স্বঘোষিত মুখ্যমন্ত্রী” বলেও আখ্যা দেন। রাহুল সিনহা মনে করেন, এখনও সময় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান বাঁচানোর। রাজনীতি থেকে অবসর গ্রহণ করলে অন্তত কিছুটা সম্মান বাঁচবে। প্রসঙ্গত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতৃত্ব।








