ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ : বিতর্কিত মন্তব্য করে সাসপেন্ড হওয়া কলকাতা পুলিশের কনস্টেবল রামকৃষ্ণ কয়ালকে অবশেষে ডিউটিতে ফেরাল লালবাজার। নতুন সরকার ক্ষমতায় আসার পরই তাঁর সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার লালবাজারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয় এবং গতকাল ইমেলের মাধ্যমে তাঁকে বিষয়টি অবহিত করা হয়েছে। এর ফলে তিনি আবারও নিজের দায়িত্ব পালন করতে পারবেন।
নির্বাচনের আগে রামকৃষ্ণ কয়াল নামে কলকাতা পুলিশের এক কর্মকর্তা তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে মুসলিমদের কটাক্ষ করেছিলেন তিনি। রামকৃষ্ণ কয়াল তাঁর ভিডিওতে ইসলাম ধর্মকে ‘জিহাদি’ বলে কটাক্ষ করেন এবং বলেন, “তৃণমূল জিতে যাওয়া মানেই জিহাদিদের জিতে যাওয়া। ইসলাম ধর্ম অনুযায়ী একজন মুসলিম বিধর্মী কিংবা অন্য কোনও ধর্মের ব্যক্তিকে নির্যাতন করতে পারবে। এলাকা ছাড়া করে দিতে পারবে।” পাশাপাশি প্রকাশ্যে তিনি হুমকি দেওয়ার কথাও বলেন ওই ভিডিও বার্তায়। তাঁর এই মন্তব্যের জেরে কলকাতা পুলিশ দ্রুত তাঁকে সাসপেন্ড করে দেয়।
রামকৃষ্ণ কয়াল কলকাতা পুলিশের ফার্স্ট ব্যাটালিয়নে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তবে নতুন সরকার ক্ষমতায় ফিরতেই তাঁর সাসপেনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল লালবাজার। গত শুক্রবার কলকাতা পুলিশের সেন্ট্রাল রিজার্ভ অফিস থেকেই ফার্স্ট ব্যাটালিয়ন ডেপুটি কমিশনারকে সাসপেনশন প্রত্যাহারের কথা জানানো হয়েছে। যদিও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর সাসপেনশন প্রত্যাহারের দাবি ছড়ালেও কলকাতা পুলিশ সেই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছিল এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে লালবাজার আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ কয়ালের সাসপেনশন প্রত্যাহার করল।








