আরজি কর মামলা: সিবিআই-এর তদন্তে চরম অসন্তোষ হাইকোর্টের, ‘আর কতদিন বিচারাধীন থাকবে এই মামলা?’

আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই-এর ধীরগতিতে ক্ষুব্ধ হাইকোর্ট। বিচারপতিরা প্রশ্ন তুললেন, 'আর কতদিন বিচারাধীন থাকবে এই মামলা?' নতুন করে তদন্তের নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ, ৬ আগস্ট ২০২৬ঃ কলকাতা হাইকোর্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর ধীরগতির তদন্ত প্রক্রিয়া নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চ সিবিআই-কে তীব্র ভর্ৎসনা করে প্রশ্ন তোলে, ঘটনার এত দিন কেটে যাওয়ার পরও বিচারপ্রক্রিয়া এবং তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।

আদালত সিবিআই-এর পেশ করা রিপোর্টে গলদ তুলে ধরে জানায়, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং নিথর দেহ টেনে আনার মতো গুরুতর ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ বেঞ্চ নির্দেশ দেয় যে, ঘটনার দিন শেষ পর্যন্ত ঠিক কী কী ঘটেছে, তার পুনর্নির্মাণ করে সিবিআই-কে আবার নতুন করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করতে হবে। বিচারপতি শম্পা সরকার কড়া সুরে প্রশ্ন করেন, “এইভাবে কতদিন আমরা একটা মামলাকে বিচারাধীন রেখে দেব? সবাই তো বিচার চাইছে, আর কতদিন বিচারের জন্য এভাবে অপেক্ষা করবে মানুষ?”

আদালতে নির্যাতিতার পরিবারের পক্ষে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে, সিবিআই-এর কাজের স্পষ্ট কোনও রূপরেখা নেই। তিনি আরও জানান, ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে আরও চারজন ডিনার করেছিলেন এবং শেষরাতে ঘটনাস্থলের আশেপাশে অন্তত ১৬ জন উপস্থিত ছিলেন। কেন তাঁদের এখনও গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন পরিবারের আইনজীবী। সিবিআই-এর পক্ষে বর্ষীয়ান আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির জন্য পর্যাপ্ত সময় চান। তবে বিচারপতি শম্পা সরকার এই জবাবে চরম কটাক্ষ করেন। মামলার পরবর্তী শুনানি ২৮ অগস্ট ধার্য করা হয়েছে।