ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে অবশেষে সরানো হল বিশ্ববাংলা লোগোযুক্ত বিতর্কিত মূর্তিটি। রাজ্যে পালাবদল হতেই নতুন সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শনিবার রাজ্য সরকারের নির্দেশ মেনে যুবভারতীর গেটের সামনে থাকা বিরাট আকৃতির মূর্তিটি ভেঙে ফেলা হয়।
মূলত তৃণমূল জামানার পতন এবং বিজেপি শাসনের শুরুর সন্ধিক্ষণে যুবভারতীর সামনে থাকা বিশ্ববাংলা লোগোযুক্ত ফুটবলারের অর্ধেক মূর্তি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। মূর্তিটিকে অশোভন এবং অর্থহীন বলে বিবেচনা করা হচ্ছিল। সরকার গঠন হতেই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক সল্টলেক স্টেডিয়ামে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়েছিলেন, মূর্তিটি সরিয়ে ফেলতে হবে। তাঁর কড়া নির্দেশেই এবার এই কাজ সম্পন্ন হল।
ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক সম্প্রতি যুবভারতীতে ডার্বি দেখতে এসে মন্তব্য করেছিলেন, “যুবভারতীর বাইরে থাকা বিদঘুটে মূর্তিটি, কাটা পা এবং ফুটবল নিয়ে দাঁড়িয়ে। আমার মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন শুরু হয়েছে। মেসি কান্ড হল, সরকারও চলে গেল।” এই মন্তব্যের পরই মূর্তি অপসারণের প্রক্রিয়া দ্রুত হয়। শুধু রাজ্য সরকার নয়, শহরের তিন ময়দান প্রধানও কলকাতার বুকে হঠাৎ গজিয়ে ওঠা এই মূর্তিটিকে ভেঙে ফেলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল। বিতর্কিত মূর্তিটি সরানোর পর সেই জায়গায় কোন মূর্তি বসানো হবে তা এখনও জানা যায়নি। তবে কয়েকটি সূত্র বলছে, সেখানে বিখ্যাত কোনও ফুটবলারের মূর্তি বা ভাস্কর্য বসানো হতে পারে। এ নিয়ে ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের দাবি ছিল।








