ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহার নেতৃত্বে গঠিত ‘নব তৃণমূল ব্লক’ সম্প্রতি বিতর্কের মুখে পড়েছে। গরুপাচার মামলায় জেল খাটা অনুব্রত মণ্ডল এবং রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে এই নতুন ব্লকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই টিভি৯ বাংলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সাফাই দিয়েছেন বিধায়ক সন্দীপন সাহা।
সন্দীপন বলেন, “অনুব্রত একজন দক্ষ সংগঠক। তাঁর বিরুদ্ধে এখনও চার্জ গঠন হয়নি। তাঁকে দলে নিতে অসুবিধা কোথায়? বীরভূমে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন এবং আমাদের সঙ্গে পথ চলবেন।” জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে তিনি জানান, “জ্যোতিপ্রিয়কে স্টেট কমিটিতে নেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হয় বা আইনি কোনও পদক্ষেপ হয়, তখন আমরা ভেবে দেখব। এখনও তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হয়নি।” সন্দীপন আরও যোগ করেন, “এঁরা গ্রেফতার হয়েছেন ঠিকই, তবে মামলা বিচারাধীন। এখনও পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত হননি। যদি আইনি প্রক্রিয়ায় তাঁরা দোষী সাব্যস্ত হন, তখন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
এই নতুন ব্লক গঠনের সময় সন্দীপন-ঋতব্রতরা জানিয়েছিলেন, বিতর্কিত নেতাদের দলে নেওয়া হবে না। কিন্তু অনুব্রত ও জ্যোতিপ্রিয়র অন্তর্ভুক্তি সেই প্রতিশ্রুতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত এই দুই নেতার নব তৃণমূলে যোগদান রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।








