স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে কড়া নির্দেশিকা, আইন ভাঙলে কঠোর ব্যবস্থা

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে কড়া নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। আইন ভাঙলে কঠোর ব্যবস্থা, এমনকি আইনি পদক্ষেপও নেওয়া হবে। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সরকারি ও সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে কড়া নির্দেশিকা জারি করল। নিয়ম নতুন না হলেও, রাইট টু এডুকেশন (RTE) আইন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে বহু শিক্ষক এখনও গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিকাশ ভবন সূত্রে খবর, সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) পশ্চিমবঙ্গ সরকারকে একটি নোটিশ পাঠিয়েছে। এতে সরকারি শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, কিছু শিক্ষক ছাত্র-ছাত্রীদের তাদের কাছে প্রাইভেট টিউশন পড়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয় দেখান। এটি শিক্ষাধিকার আইনের মূল উদ্দেশ্যকে লঙ্ঘন করছে। এমতাবস্থায়, বিকাশ ভবনের অ্যাডমিন সেকশন থেকে গত বৃহস্পতিবার (৪ জুন) একটি নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে স্পষ্ট করা হয়েছে যে, ২০০৯ সালের শিক্ষার অধিকার আইনে কর্মরত শিক্ষকদের গৃহশিক্ষকতা নিষিদ্ধ। ২০১১ এবং ২০১৮ সালেও একই নির্দেশিকা জারি হয়েছিল, কিন্তু পরিস্থিতি বদলায়নি। রাজ্যের ডেপুটি ডিরেক্টর জেলার প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পরিদর্শকদের কাছে এই নির্দেশিকা পাঠিয়েছেন। কড়াভাবে বলা হয়েছে, যদি কোনও স্কুলশিক্ষক প্রাইভেট টিউশন করাতে গিয়ে ধরা পড়েন, তাহলে উপযুক্ত তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। নির্দেশিকার কপি জাতীয় মানবাধিকার কমিশন ও উচ্চশিক্ষা দপ্তরের মুখ্য সচিবকেও পাঠানো হয়েছে।