ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ পূর্ব রেলের সিদ্ধান্তে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শিয়ালদা-লালগোলা শাখার লক্ষাধিক নিত্যযাত্রী। দীর্ঘ এক বছর ভোগান্তির পর এই রুটে ফের চালু হতে চলেছে শৌচাগারযুক্ত আধুনিক মেমু প্যাসেঞ্জার ট্রেন। আগামী ১৪ মে থেকে এই ট্রেনগুলো লাইনে নামছে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গেছে, শিয়ালদহ-লালগোলা এবং শিয়ালদহ-রানাঘাট শাখায় মোট ৭টি প্যাসেঞ্জার ট্রেনে মেমু রেক চলবে। প্রতিটি ট্রেনেই থাকছে শৌচাগারের সুবিধা, যা যাত্রীদের যাতায়াত ব্যবস্থাকে আরও সুবিধাজনক করে তুলবে।
গত বছর মে মাসে রেল বোর্ড শিয়ালদা-লালগোলা শাখা থেকে মেমু ট্রেন তুলে নিয়ে ইএমইউ চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় হাওড়া ডিভিশনে হাওড়া-কাটোয়া লাইনে মেমু ট্রেনগুলি স্থানান্তরিত করা হয়। ইএমইউ রেকগুলিতে শৌচাগার না থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য কৃষ্ণনগর স্টেশনে ট্রেনগুলিকে ১৯-৩২ মিনিট পর্যন্ত দাঁড় করানো হত, যা সময় নষ্টের পাশাপাশি যাত্রীদের অস্বস্তিও বাড়াচ্ছিল। পূর্ব রেলের এই নতুন সিদ্ধান্তে সেই সমস্যার অবসান হতে চলেছে।
যে ট্রেনগুলিতে মেমু রেক ফিরছে, সেগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল ৬৩১০৫ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার, ৬৩১৩৪ লালগোলা-রানাঘাট প্যাসেঞ্জার, ৬৩১০৪ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার এবং ৬৩১০৮ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার। এই পদক্ষেপের ফলে যাত্রীরা দীর্ঘ যাত্রাপথে অনেকটাই স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।








