ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনে এক বিশাল মেগা ব্লক সম্পন্ন হয়েছে। শিয়ালদহ-বিষ্ণুপুর শাখার আপ ও ডাউন লাইনে গত শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ ঘণ্টার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক রাখা হয়েছিল। এর ফলে শিয়ালদহ থেকে চলাচলকারী শতাধিক ট্রেন বাতিল করা হয় এবং বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়।
এই মেগা ব্লকের মূল কারণ ছিল শিয়ালদহ-কাঁকুড়গাছির মাঝে শিয়ালদহের ৩ নম্বর ব্রিজে পুরনো গার্ডার বদলে নতুন, আরও শক্তপোক্ত গার্ডার বসানোর কাজ। বহু বছর ব্যবহারের পর গার্ডারগুলির নির্ধারিত আয়ু শেষ হওয়ায় পূর্ব রেল জরুরি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের এই পদক্ষেপ নেয়। এই কাজের জেরে বনগাঁ, নৈহাটি, হাবরা, গোবরডাঙা, রানাঘাট, দত্তপুকুর, বারাসত, কল্যাণী সীমান্ত, ডানকুনি এবং ব্যারাকপুর রুটে বহু আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়। রবিবার ছুটির দিন হওয়ায় যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।
রেলের আগাম প্রচারের কারণে যাত্রীরাও আগে থেকে খবর পেয়েছিলেন। সাময়িক অসুবিধা হলেও যাত্রীরা রেলের এই আধুনিকীকরণ এবং ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা পাওয়ার স্বার্থে ভোগান্তি মেনে নিতে প্রস্তুত ছিলেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্ধারিত কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সোমবার থেকে পূর্বের সূচি অনুযায়ী সমস্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক ভাবে চলবে।








