লোকসভার আসন পুনর্বিন্যাস হবেই, জোর দিলেন শমীক ভট্টাচার্য; মমতাকে কড়া আক্রমণ

লোকসভার আসন পুনর্বিন্যাস হবেই, সাফ জানালেন শমীক ভট্টাচার্য। জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন বৃদ্ধি জরুরি। একইসঙ্গে বাংলাদেশের ঘটনা নিয়ে মমতাকে কড়া আক্রমণ শমীকের।

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ দেশের জনসংখ্যা ১৪০ কোটিতে পৌঁছে যাওয়ায় লোকসভার আসন সংখ্যা পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) করা অত্যন্ত জরুরি বলে দাবি করলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার দিল্লিতে তিনি সাফ জানান, এই বিল সংসদে পাস করানো হবেই। তাঁর ব্যাখ্যা, বর্তমানে এক-একটি আসনে ১৮-২০ লাখ ভোটার রয়েছেন, যা জনপ্রতিনিধিদের সঙ্গে জনতার প্রত্যক্ষ যোগাযোগে বাধা সৃষ্টি করছে। ক্ষমতা ও গণতন্ত্রের বিকেন্দ্রীকরণের জন্য আসন বৃদ্ধি অপরিহার্য।

বিশ্লেষকদের মতে, লোকসভার আসন ৫৪৩ থেকে ৮৫০-তে উন্নীত করতে হলে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তবে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে এটি যুক্ত হলে সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে, যা বর্তমানে সরকারের হাতে নেই। এই পরিস্থিতিতে বিজেপি ডিএমকে এবং তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের সমর্থন আদায়ের চেষ্টা করতে পারে বলে সূত্রের খবর। একই সঙ্গে, বাংলাদেশের এক রাজনৈতিক ব্যক্তির হত্যাকাণ্ড প্রসঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকেও তীব্র নিশানা করেছেন শমীক।

তাঁর দাবি, মমতার এই মন্তব্য দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ করছে এবং বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের অসুরক্ষিত করে তুলছে। তিনি প্রশ্ন তোলেন, একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও তিনবারের মুখ্যমন্ত্রী কীভাবে এমন মন্তব্য করতে পারেন। শমীক আরও বলেন, এই ধরনের মন্তব্যের জন্যই পশ্চিমবঙ্গের জনতা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করেছে এবং এবার রাজনীতি থেকেও তাদের উপড়ে ফেলবে।