ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ : নদিয়া জেলার শান্তিপুর ব্লকে ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছে। এই প্রকল্পের ঘর বিতরণে অনিয়ম এবং ক্লাস্টার কমিটির দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার অভিযোগে প্রাক্তন ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) সন্দীপ ঘোষের বিরুদ্ধে শান্তিপুর থানায় FIR দায়ের করেছেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী।
অভিযোগকারী চঞ্চল চক্রবর্তীর দাবি, তৎকালীন বিডিও সন্দীপ ঘোষ নিয়ম বহির্ভূতভাবে নিজের প্রভাব খাটিয়ে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে নিজের পছন্দের ব্যক্তিদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছেন। এই দুর্নীতির মূল হোতা হিসেবে প্রাক্তন বিডিও-কেই দায়ী করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে। FIR-এর সঙ্গে ২০ জন সুবিধাভোগীর একটি তালিকাও প্রমাণ হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, যেখানে নিয়ম না মেনেই নাম অন্তর্ভুক্তির বিষয়টি স্পষ্ট। এই অভিযোগের প্রতিলিপি জেলা শাসক ও বর্তমান বিডিও-কেও পাঠানো হয়েছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, স্বনির্ভর মহিলা গোষ্ঠীর ক্লাস্টার কমিটির দুর্নীতিতেও তিনি প্রশ্রয় দিয়েছিলেন এবং তৃণমূল পঞ্চায়েত সদস্যদের কথায় চলতেন। শান্তিপুর থানা অভিযোগপত্র গ্রহণ করে তদন্ত শুরু করেছে। সরকারি প্রকল্প নিয়ে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত বিডিও-র অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি।








