ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ঃ নদিয়ার শান্তিপুরে ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়া দুই যুবকের দেহ রবিবার উদ্ধার করা হয়েছে। মৃতদের নাম আকাশ শেখ ও বাপি মণ্ডল ওরফে বাপি শেখ। তাঁরা শান্তিপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের সাতভাই পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, গত শনিবার নৃসিংহপুর কালনাঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে জলের প্রবল স্রোতে তলিয়ে যান তাঁরা। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, আকাশ এবং বাপি দু’জনেই পরিযায়ী শ্রমিক ছিলেন। ইদের ছুটিতে বাড়ি এসেছিলেন এবং আগামী সোমবার তাঁদের কর্মস্থলে ফেরার কথা ছিল। তার আগেই শনিবার দুপুরে ভাগীরথী নদীর কালনাঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। ঘটনার খবর পেয়েই শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হলেও শনিবার তাঁদের খোঁজ মেলেনি।
এরপর রবিবার সকাল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) তল্লাশি অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর আকাশ ও বাপির দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর দুই যুবকের পরিবার কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার পর ভাগীরথী নদীর ঘাটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঘাট মালিকদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃষ্টিপাতের কারণে নদীতে জলস্রোত বৃদ্ধি পেয়েছে, তাই নদীতে স্নান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।








