শওকত মোল্লার ছেলের কাফেটেরিয়া ভাঙার নির্দেশ জেলা প্রশাসনের, বেআইনি দখলের তদন্ত শুরু

শওকত মোল্লার ছেলের বেআইনি কাফেটেরিয়া ভাঙার নির্দেশ জেলা প্রশাসনের। মাতলা নদীর চর দখলের অভিযোগ, তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন একটি কাফেটেরিয়া ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। অভিযোগ, মাতলা নদীর চর দখল করে এই কাফেটেরিয়াটি গড়ে তোলা হয়েছিল, যা সম্পূর্ণ বেআইনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ক্যানিংয়ের মহকুমা শাসক ইমরান মোল্লাকে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নির্দেশ দেন। কাগজপত্র যাচাই করে দেখা যায়, সেচ দপ্তরের জমি দখল করে এই বিশাল কাফেটেরিয়াটি তৈরি করা হয়েছে।

ফলস্বরূপ, জেলা প্রশাসন আগামী ২৯ জুনের মধ্যে কাফেটেরিয়াটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকপক্ষ এটি না ভাঙলে, প্রশাসন বুলডোজার দিয়ে ভেঙে দেবে। জানা গিয়েছে, বাবা বিধায়ক থাকাকালীন মৌখালি সেতু সংলগ্ন এলাকায় চরের উপর এই কাফেটেরিয়াটি তৈরি করেছিলেন ইমরান। তবে, পালাবদলের পর এই অবৈধ নির্মাণ প্রকাশ্যে আসে। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের তদন্তে শওকত মোল্লার বাড়িতে তল্লাশির সময় এই কাফেটেরিয়াটিও নজরে আসে।

এই কাফেটেরিয়া ছাড়াও সেখানে গজিয়ে ওঠা অন্যান্য দোকানের ভবিষ্যৎ নিয়েও তদন্ত চলছে। অন্যদিকে, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বৃদ্ধাশ্রম নিয়েও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যদিও সেখানেও চর দখলের প্রমাণ মিলেছে।