সন্তানকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে থানায় নালিশ

প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে সন্তানকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। সম্প্রতি গ্রেফতারির পর সাহস পেয়ে থানায় নালিশ।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে সম্প্রতি এনআইএ-র হাতে গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার উঠল ধর্ষণের গুরুতর অভিযোগ। এক গৃহবধূ তাঁর পাঁচ বছরের সন্তানকে আটকে রেখে দিনের পর দিন তাঁকে ধর্ষণ ও অত্যাচারের অভিযোগ এনেছেন শওকতের বিরুদ্ধে। গত ১৫ জুন জীবনতলা থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগপত্র গ্রহণ করে তদন্ত শুরু করেছে।

অভিযোগকারিণী মহিলা পুলিশকে জানিয়েছেন, ঘটনাটি ২০১৯ সালের মার্চ মাসের। তাঁর পাঁচ বছরের সন্তানকে বেশ কয়েকজন সমাজবিরোধী তুলে নিয়ে যায়। সন্তানকে ফিরে পাওয়ার জন্য তিনি অভিযুক্তদের একজনের সঙ্গে যোগাযোগ করেন, যে শওকত মোল্লার গাড়িচালকের দাদা। ওই ব্যক্তি তাঁকে একটি ডেরায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ধর্ষণ করে। অভিযোগ, সেই সময় ধর্ষণের ছবি ও ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল করা হয়। বলা হয়, যখনই ডাকা হবে, না এলে সন্তানকে আর ফিরে পাবেন না।

মহিলার আরও অভিযোগ, ওই ব্যক্তিই তাঁকে শওকতের ডেরায় পাঠায় এবং সেখানে শওকত মোল্লাও তাঁকে ধর্ষণ করেন। এতদিন ধরে ভয় ও লজ্জায় তিনি এই ঘটনা কাউকে জানাতে পারেননি। সম্প্রতি ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লার গ্রেফতারির পর ওই গৃহবধূ সাহস পান এবং থানার দ্বারস্থ হন। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।