ব্যুরো নিউজ, ১ জুন, ২০২৬ঃ তারিখে লোকভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সম্প্রসারণ সম্পন্ন হলো। রাজ্যপাল আর.এন. রবি ৩৫ জন নতুন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। এদিন মোট ৩৫ জন মন্ত্রী শপথ নিলেন, যার মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
পূর্ণমন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তাপস রায়, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, দীপক বর্মন, মনোজ ওঁরাও এবং দুধকুমার মণ্ডল। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মালতী রাভা রায়, ইন্দ্রনীল খাঁ এবং রাজেশ মাহাতা। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা সহ মোট ১৯ জন। রাজ্য রাজনৈতিক মহলে এই মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল।
মনে করা হচ্ছে, এই নতুন মন্ত্রিসভা রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনবে এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। বিশেষ করে নতুন মুখদের অন্তর্ভুক্তির ফলে বিভিন্ন জেলা ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। শপথগ্রহণ পর্ব শেষ হওয়ার পরই নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হবে বলে জানা গেছে। আজই দপ্তর বন্টনের সম্ভাবনা রয়েছে, যা নিয়ে রাজ্য প্রশাসনে তৎপরতা তুঙ্গে। এই সম্প্রসারণের মাধ্যমে শুভেন্দু অধিকারী সরকার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।








